প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
একসঙ্গে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ ও ‘রইদ’
নিজস্ব প্রতিবেদক:
চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাত্র দুটি চলচ্চিত্র নির্মাণ করেই তিনি দর্শক, সমালোচক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের নজর কাড়তে সক্ষম হয়েছেন। এবার তার নির্মিত দুই বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ এবং ‘রইদ’ একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আজ শুক্রবার থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের এই দুই সিনেমা। সুখবরটি জানিয়ে নির্মাতা সুমন তার ফেসবুক বার্তায় লিখেছেন, “এই শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে ‘রইদ’ ও ‘হাওয়া’। প্রাণ ভরে হাওয়া নিয়ে রইদে এসে গা জুড়ান।” দুটি ছবির প্রধান অভিনেত্রী একজনই-নাজিফা তুষি। এছাড়া ‘হাওয়া’য় রয়েছেন চঞ্চল চৌধুরী, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, শরীফুল রাজসহ অনেকে। আর ‘রইদ’-এ তুষির সঙ্গী মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। দেশের প্রেক্ষাগৃহ তো বটেই, বিদেশেও ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। দেশের চলচ্চিত্রে নতুন এক হাওয়া বইয়ে দিয়েছিল ছবিটি। সেটারই রেশ ধরে যেন এবার ‘রইদ’ উঠল ইন্ডাস্ট্রিতে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ