নিজস্ব প্রতিবেদক
সীমান্তে উগ্রবাদী শক্তি আরও সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৮ মে) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরে ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এনসিপি মুখপাত্র বলেন, ‘সামনে আধিপত্যবাদবিরোধী লড়াই আরও কঠিন হবে। সীমান্তে উগ্রবাদী শক্তি আরও সক্রিয় হয়েছে।’ তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ, জনগণের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এনসিপির মুখপাত্র জানান, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা বারবার রাজপথে নেমে জীবন দিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর শাপলা ও মোদিবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। শহীদদের স্মৃতি সংরক্ষণ না করলে ভবিষ্যতে কেউ আন্দোলনে জীবন দিতে এগিয়ে আসবে না।’